গ্রাহকদের জন্য ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে মোবাইল আর্থিক সেবা নগদ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। গত ৩০ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইউসিবির করপোরেট প্রধান কার্যালয়ে চুক্তিটি সই হয়।
এই চুক্তির আওতায় বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স সরাসরি নগদের মোবাইল ওয়ালেটে পৌঁছাবে। এ ছাড়া ইউসিবির গ্রাহকেরা নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করে ঋণের কিস্তি, ডিপিএসের টাকা এবং ক্রেডিট কার্ডের ইএমআই পরিশোধ করতে পারবেন।
নগদের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
নগদের গ্রাহকেরা এখনই দেশের যেকোনো প্রান্ত থেকে দিনরাত ২৪ ঘণ্টা রেমিট্যান্সের টাকা তুলতে পারেন। নতুন এই অংশীদারত্ব নগদের অ্যাড মানি, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে আন্তঃলেনদেন এবং বাংলা কিউআর পেমেন্টের মতো সেবাগুলোর সঙ্গে নতুন মাত্রা যোগ করবে।
ছবি: Press Information Department / Wikimedia Commons, Public domain
সূত্র: bssnews.net