২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ আধুনিক করতে দুটি প্রকল্পে প্রায় ২১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করছে সরকার। দ্য ডেইলি স্টার এ খবর জানিয়েছে।
সাধ্যতা যাচাই পর্যায়ে থাকা ১৮ হাজার ৫০৫ কোটি টাকার বড় প্রকল্পটিতে ১০ হাজার প্রতিষ্ঠানের ১ লাখ শ্রেণিকক্ষে ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল প্যানেল, প্রতিটি প্রতিষ্ঠানে ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড, শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয়পত্র এবং শিক্ষকদের ট্যাবলেট ও ডিজিটাল পাঠদানে প্রশিক্ষণের প্রস্তাব রয়েছে।
৩ হাজার ৩৯৭ কোটি টাকার দ্বিতীয় প্রকল্প নেক্সটজেন সেকেন্ডারি এডুকেশন প্রোগ্রাম পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায়। এতে ৩ লাখ ৬৯ হাজার ৬৪৩ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসককে প্রশিক্ষণ এবং ১ হাজার ৫০টি বিদ্যালয়ে রোবোটিকস, থ্রিডি প্রিন্টিং ও মেশিন লার্নিং সরঞ্জামসহ অন্তত ২ হাজার ১০০টি আইসিটি ও এআই ল্যাব স্থাপনের কথা রয়েছে। এর মধ্যে ২ হাজার ৬৬২ কোটি টাকা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক।
তবে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, "২১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ের আগে এসব প্রকল্প কীভাবে শিক্ষার মান বাড়াবে, সরকারকে তা ব্যাখ্যা করতে হবে।" আগের মূল্যায়নে দেখা গেছে, অতীতের ডিজিটাল শিক্ষা প্রকল্পে দেওয়া অনেক ল্যাপটপ, প্রজেক্টর ও ল্যাবের যন্ত্র অব্যবহৃত বা নষ্ট অবস্থায় পড়ে ছিল।
প্রতীকী ছবি। ছবি: Jubair1985, উইকিমিডিয়া কমন্স, CC BY-SA 4.0।