ইউরোপের আরও একটি কঠোর নিয়ন্ত্রিত বাজারে পৌঁছাল বাংলাদেশের ওষুধ। রেনেটা পিএলসি নেদারল্যান্ডসে পার্কিনসনের উপসর্গ নিয়ন্ত্রণের ওষুধ অ্যামান্টাডিন এইচসিএল ক্যাপসুল বাজারজাত শুরু করেছে। দেশে এটি "ম্যানটাডিন" নামে পরিচিত।
ওষুধটি তৈরি হচ্ছে রেনেটার ইইউ-জিএমপি অনুমোদিত রাজেন্দ্রপুর জেনারেল কারখানায়, ৫৬ ক্যাপসুলের ব্লিস্টার প্যাকে।
ইউরোপে রেনেটার উপস্থিতি এখন যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, পর্তুগাল ও সাইপ্রাসে। নেদারল্যান্ডস যোগ হওয়ায় তালিকা আরও লম্বা হলো।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেনেটার আয় ১১ শতাংশের বেশি বেড়ে ১ হাজার ২৬০ কোটি টাকা হয়েছে, মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ, ১০১ কোটি টাকা।
ইউরোপের কঠোর মানদণ্ড পেরিয়ে বাংলাদেশে তৈরি ওষুধ এখন সেখানকার রোগীর কাজে লাগছে। দেশের ওষুধশিল্পের সক্ষমতার এটি একটি বড় প্রমাণ।