মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ময়লার স্তূপের কাছ থেকে সোমবার ভোররাতে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নবজাতক কন্যাশিশুকে।

হাসপাতালের রাতের ডিউটিতে থাকা কর্মীরা জানান, রাত আনুমানিক ১টার দিকে হাসপাতাল চত্বরের পাশে ডাস্টবিনের কাছ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তারা। খবর পেয়ে নার্স ও ভর্তি রোগীদের স্বজনদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত ফরজানা খান জানান, শিশুটি জন্মের কিছুক্ষণ আগেই ভূমিষ্ঠ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় শিশুটি অত্যন্ত ক্ষুধার্ত ছিল এবং তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং কে বা কারা তাকে ফেলে গেছে তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।