মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রায় সাত সপ্তাহ ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে এক আত্মীয়ের রান্নাঘরের মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আওলাদ হোসেন (৬০), বাড়ি জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে। গত ৯ মে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্য চেয়ে পোস্ট দিলেও কোনো সূত্র মেলেনি। পরে ২৩ মে তার ভাই সিরাজদিখান থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

তদন্তের সূত্র ধরে পুলিশ ১ জুলাই ভোরে আওলাদের ভগ্নিপতি খায়ের বেপারীর বাড়িতে অভিযান চালায় এবং রান্নাঘরের মেঝের প্রায় আট থেকে দশ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, এ ঘটনায় খায়েরসহ চারজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে অর্থ, স্বর্ণালংকার বা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।