কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে মুন্সিগঞ্জ জেলার ছয় উপজেলায় মোট ১০ হাজার ৭২১ জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হচ্ছে। উৎপাদন খরচ কমানো এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ খবর জানিয়েছে।

প্রথম ধাপে ৪ হাজার ৯১২ জন কৃষক কার্ড পাচ্ছেন। উপজেলাভিত্তিক হিসাবে সদরে ১,৬১৮ জন, টংগিবাড়ীতে ১,২৫৫ জন, শ্রীনগরে ১,৮৭৪ জন, সিরাজদিখানে ২,১০৯ জন, লৌহজংয়ে ১,৭৭৪ জন এবং গজারিয়ায় ২,০৯১ জন কৃষক এই কার্ডের আওতায় আসছেন। পর্যায়ক্রমে জেলার ১ লাখ ৭৫ হাজার ৪৭৯ জন কৃষককে কার্ড দেওয়ার লক্ষ্য রয়েছে।

প্রত্যেক কার্ডধারী কৃষক ২,৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। এ ছাড়া ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, কৃষি প্রণোদনা কর্মসূচি, সহজ শর্তে কৃষিঋণ এবং শস্যবিমার সুবিধাও পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) মুন্সিগঞ্জের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান জানান, কৃষকদের উন্নয়ন ও কল্যাণে নিরাপদ, নির্ভরযোগ্য ও সমন্বিত কৃষিসেবা নিশ্চিত করাই এই কার্যক্রমের উদ্দেশ্য।

আলু, সবজি ও ধান উৎপাদনে মুন্সিগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। স্থানীয় কৃষকেরা আশা করছেন, এই কার্ড তাঁদের উৎপাদন খরচ কমাতে এবং সময়মতো সরকারি সহায়তা পেতে সাহায্য করবে।