ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় অগ্রগতি হিসেবে মেট্রোরেল লাইন-১ (এমআরটি-১) ও লাইন-৫ (এমআরটি-৫) নির্মাণের জন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠান চূড়ান্ত করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের পর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিভিন্ন প্যাকেজের চুক্তি অনুমোদন দিয়েছে। দ্য ডেইলি স্টার এ খবর প্রকাশ করেছে।
প্রকল্প দুটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪ হাজার কোটি টাকা। জাপানের টোকিউ কনস্ট্রাকশন ও নিশিমাৎসু, ভারতের লারসেন অ্যান্ড টুব্রো, চীনের সিনোহাইড্রো ও চায়না রেলওয়ে গ্রুপ, দক্ষিণ কোরিয়ার হানিলসহ বিভিন্ন দেশি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ পেয়েছে।
এর মধ্যে নদ্দা থেকে রামপুরা পর্যন্ত মূল লাইন ও স্টেশন নির্মাণে টোকিউ-এমআইএল যৌথ উদ্যোগ পেয়েছে ১৮,০৩৭ কোটি টাকার কাজ। লাইন-১ এর ট্র্যাক ও বৈদ্যুতিক অবকাঠামো, সিগন্যালিং ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এবং ডিপো নির্মাণের প্যাকেজও অনুমোদন পেয়েছে। লাইন-৫ এর হেমায়েতপুর-আমিনবাজার এবং নদ্দা-ভাটারা অংশে উড়াল লাইন ও পাঁচটি স্টেশন নির্মাণের কাজও চূড়ান্ত হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। নতুন এই লাইনগুলো চালু হলে বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে দ্রুত যোগাযোগ সহজ হবে এবং যানজট কমবে বলে আশা করা হচ্ছে।